সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের মিরপুরে চলন্ত প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ দুর্নীতিমুক্ত সমবায় গড়তে আইন সংশোধনের আহ্বান রাষ্ট্রপতির সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিঃশেষ প্রায় ৩০০ পরিবার: রোড সেফটি ফাউন্ডেশন সেনেগালের উপকূলে অভিবাসী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি বাংলাদেশিদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার :বিশ্বব্যাংক দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে : আইনমন্ত্রী রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার

তাহসিফ হত্যা মামলায় দিশার ফের তিন দিনের রিমান্ড

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩৪ টাইম ভিউ
তাহসিফ হত্যা মামলায় দিশার ফের তিন দিনের রিমান্ড
ছবি- সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার জেরিকা তাসনীম দিশার (১৯) আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে চার দিনের রিমান্ডে ছিলেন তিনি। বুধবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দিশাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন দিশা। এর আগে তারা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসে গেছেন। মামলার অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গেও একটি মোটরসাইকেল গ্যারেজে দিশাকে দেখা গেছে। এ ছাড়া তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনায় ঘটনার আগে দিশার সঙ্গে একাধিকবার কথা বলার তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

তদন্ত কর্মকর্তার দাবি, প্রাথমিক তদন্তে তাহসিফ হত্যাকাণ্ডে দিশার জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। হত্যার রহস্য উদ্ঘাটন, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ এবং আলামত উদ্ধারের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পাশাপাশি মামলার অপর আসামি দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখার কথাও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। রাতে দেরি হওয়ায় তাঁর মা ফোন করলে কিছুক্ষণের মধ্যে বাসায় ফেরার কথা জানান তিনি। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের ফোন থেকে মেসেঞ্জারে একটি ভয়েস মেসেজ পাঠানো হয়, যেখানে বলা হয়, ‘রওনা দিয়েছি, আসছি’। তবে এরপর আর বাসায় ফেরেননি তিনি। পরদিন ২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এ ঘটনায় ৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। পরে এ মামলায় দীপকে গ্রেফতার দেখায় পুলিশ। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, জড়িত অন্য ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত তথ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর