রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে কন্ঠ শিল্পী লিজার “গোধূলি লগন”

বিনোদন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩ টাইম ভিউ
ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে কন্ঠ শিল্পী লিজার "গোধূলি লগন"

বাংলা গানের জগতে দীর্ঘদিন ধরে নিভৃতে কাজ করে যাওয়া গীতিকার ও সুরকার সৈয়দা হেমা আবারও হাজির হচ্ছেন নতুন চমক নিয়ে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে তাঁর লেখা নতুন গান ‘গোধূলি লগন’। গানটিতে সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় হাসিন এবং কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা।

ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি প্রবল আগ্রহ ছিল সৈয়দা হেমার। শখের বসে ডায়েরির পাতায় জমতে থাকে একের পর এক কবিতা ও গান। নিজের জন্য সীমিত আকারে প্রকাশ করেন “কিছু কথা কিছু গান” নামে একটি বইও। ধীরে ধীরে গানের পাশাপাশি সুর করার প্রতিও আগ্রহ বাড়ে তাঁর। বন্ধুদের প্রশংসা এবং অনুপ্রেরণায় তিনি স্বপ্ন দেখতে শুরু করেন—একদিন দেশের বড় শিল্পীদের কণ্ঠে নিজের লেখা গান শুনবেন।

সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় ২০০৭ সালের শেষদিকে। তাঁর কথা ও সুরে জনপ্রিয় শিল্পী পিয়াল হাসান গেয়ে প্রকাশ করেন একক অ্যালবাম ‘আজো কাঁদি আমি’। এরপর ২০০৯ সালে প্রকাশ পায় দুটি মিক্সড অ্যালবাম, যেখানে গান করেন আতিক হাসান ও পলাশ নবীন।

২০১১ সালে তাঁর লেখা ও সুরে প্রকাশিত হয় ‘আমি একজনকে ভালোবাসি’ অ্যালবাম। এতে কণ্ঠ দেন দেশের খ্যাতিমান শিল্পীরা—সুবীর নন্দী, আঁখি আলমগীর, প্রতীক হাসান, আগুন, সুমী শবনম, সুমন রাহাত এবং বাশার।

প্রবাস জীবনেও বাংলা গান ও সংস্কৃতির প্রতি ভালোবাসা একটুও কমেনি তাঁর। বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নিয়মিত দেশের খোঁজ রাখেন তিনি। এক সাক্ষাৎকারে সৈয়দা হেমা বলেন, “সংসারের প্রয়োজনে অনেক কিছু ছাড়লেও গান আমাকে ছাড়েনি।”

দীর্ঘ বিরতির পর ২০১৬ সালে নতুন আঙ্গিকে প্রকাশ করেন মিউজিক ভিডিও ‘স্বপ্নীল হাওয়া’। এরপর আসে বেলি আফরোজ ও পিয়াল হাসানের দ্বৈত কণ্ঠে ‘অপনজন’। ২০২২ সালে তাঁর লেখা ও সুরে প্রতীক হাসান ও নদী-এর গাওয়া ‘তোমার মাঝে হারিয়েছি প্রিয়’ গানটি শ্রোতাদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

‘ভালোবাসি বড় বেশি’

গানটি গেছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী লুইপা এবং এসডি রুবেল। নিলাম সেন এর গাওয়া ‘ফিরে চল ‘ সহ আরো অনেক গান। একের পর এক গান লিখে চলেছেন তিনি। মাকে নিয়ে লেখা আবেগঘন গান ‘আসবেনা ফিরে মা তুমি’ কণ্ঠ দিয়েছেন শিল্পী নদী। এছাড়াও বেলাল খান, হৃদয় হাসিন, এস ডি রুবেল, তসিবা এবং সানিয়া রমা-সহ বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রকাশ পেয়েছে তাঁর লেখা গান। এমনকি চিত্রনায়িকা শাবনূর-এর বোন ঝুমুরও গেয়েছেন তাঁর লেখা গান।

সৈয়দা হেমার পুরো নাম সৈয়দা খাদিজা বেগম হেমা। জন্ম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা-এর সৈয়দপুর গ্রামে। বাবা সৈয়দ হাবিবুর রহমান ও মা জামিরুন নেসা। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। বড় ভাই প্রখ্যাত গীতিকবি সৈয়দ দুলাল এবং দ্বিতীয় ভাই সৈয়দ হিলাল সাইফ একজন সুপরিচিত ছড়াকার।

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত এই গুণী গীতিকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলা গানের ভাণ্ডারে আরও কিছু স্মরণীয় গান রেখে যেতে চান। তাঁর ভাষায়, “সময় ও সুযোগ পেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু ভালো গান রেখে যেতে চাই।”

ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত ‘গোধূলি লগন’ গানটি নিয়েও ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর