আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ চুক্তি নিয়ে সরকার আশাবাদী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনৈতিক বিভিন্ন সংস্কারের বিষয়ে সরকারের সম্মতি রয়েছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করা ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে। সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
সকাল সাড়ে ৮টায় আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতিকে স্থিতিশীল করা, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ।’
এসব সংস্কারের বিষয়ে সরকারের সম্মতি রয়েছে বলেও জানান তিনি।
নতুন ঋণচুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। তবে নতুন চুক্তির শর্ত, ঋণের পরিমাণ এবং অর্থ ছাড়ের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি। এসব বিষয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।