মিরসরাইয়ের বাসিন্দা মো. নজরুল ইসলাম (৩৫) দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল রবিবার (৯ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী মিরসরাইয়ের বাসিন্দা এমদাদ হোসেন জানান, রবিবার বিকেলে কম্পানির মালামাল আনলোড করে ফেরার পথে দক্ষিণ আফ্রিকার এমপুমালাঙ্গা প্রদেশের লোথার এলাকায় নজরুলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, নজরুল প্রায় ৯ বছর যাবত দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। এখন তার মরদেহ সেখানকার একটি হাসপাতালের মর্গে রয়েছে। আগামী ৩-৪ দিন পর মরদেহ দেশে পাঠানো হবে।
নজরুলের দুটি সন্তান রয়েছে।
ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, আমার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালামের ছেলে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় মারা গেছে। খবর শুনে খুব খারাপ লাগছে। জীবিকার তাগিদে বিদেশে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরতে হচ্ছে।
মরদেহ দেশে আনতে এখান থেকে কোনো ডকুমেন্টস প্রয়োজন হলে আমি সহযোগিতা করব।