মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

হাম ও লক্ষণে আরও ১৭ শিশুর মৃত্যু, ৩০০ ছাড়াল প্রাণহানি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১ টাইম ভিউ
হাম ও লক্ষণে আরও ১৭ শিশুর মৃত্যু, ৩০০ ছাড়াল প্রাণহানি

হাম ও রোগটি উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। গত ৫০ দিনের মধ্যে এটি সর্বোচ্চ। সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৭ শিশুর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে; অন্য দুজন হামে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হাম ও উপসর্গে মৃত দাঁড়িয়েছে ৩১১ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৫৯ শিশুর মৃত্যু হয়েছে; নিশ্চিত হামে মারা গেছে ৫২ শিশু। অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ শিশুর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে আগের দিন। অধিদপ্তরের তথ্যে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭ জনে। একই সময়ে সন্দেহজনক হামের মোট রোগী দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩।

গতকাল রোববার নিশ্চিত হামে একজন ও সন্দেহজনক ৯ জনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আজ অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ শিশু হাসপাতালের দুটি সন্দেহজনক মৃত্যুর তথ্য গতকালের বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি, যা আজ যুক্ত করে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা গেছে ১৫ শিশু।

মৃত ১৭ শিশুর মধ্যেই ১২ জনই ঢাকা বিভাগের; ৫ শিশু চট্টগ্রাম বিভাগের। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩০২ শিশুর মধ্যে। তাদের মধ্যে ৬১৮ শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম ১৯২, রাজশাহী ১৬৮ ও বরিশাল বিভাগে ১৩৩ শিশু। আট বিভাগে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬ জন। হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১ হাজার ৬১ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

হামের প্রকোপ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী ‘জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি’ চলছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৫ এপ্রিল থেকে এখন পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ২২২ জনকে টিকা দেওয়া হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় টিকা পেয়েছে ৮ লাখ ৩২ হাজার ৮৯১ শিশু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর