বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১২ টাইম ভিউ
ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড
ছবি- সংগৃহীত

ডিসেম্বরের মধ্যেই তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার বিষয়ে সব পক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

বুধবার (০৪ নভেম্বর) তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গঠিত নতুন নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বোর্ডের চেয়ারম্যান এ তথ্য জানান। তিনি বলেন, নতুন মজুরি কাঠামো কার্যকর হলে শ্রমিকেরা জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বর্ধিত অর্থ পাবেন।

প্রসঙ্গত, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ওই দিন সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে নতুন বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুরুতে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। তবে বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে শেখ আশফাকুর রহমানকে সরিয়ে দেওয়ার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

বোর্ডের অন্য সদস্যদের মধ্যে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। এ ছাড়া নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

এই মজুরি বোর্ড সব পর্যায়ের পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করবে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট প্রকাশ করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর