ইরানে আবারও হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। সম্প্রতি ইরান তাদের ক্ষেপণাস্ত্র মহড়া নতুন করে শুরু করেছে। মার্কিন মিত্র ইসরায়েল মনে করছে এই মহড়া তাদের জন্য হুমকি। পরিপ্রেক্ষিতে ইসরায়েল তার মিত্র দেশ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তারা ইরানে যেকোনো সময় হামলা চালাতে পারে। রোববার (২২ ডিসেম্বর) মার্কিন গণমাধ্যম সিএনএনের বরাতে এ তথ্য জানা গেছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়া হঠাৎ হামলার কারণ হতে পারে— এমন আশঙ্কার কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে কথা বলেছেন। ইয়াল জামির সতর্ক করে বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালিত সাম্প্রতিক মহড়াগুলো আকস্মিক হামলার প্রস্তুতি হতে পারে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক সমন্বয় আরও জোরদারের আহ্বানও জানান।
এদিকে ইসরায়েল নতুন করে ইরানের বিরুদ্ধে হামলার সম্ভাব্য বিকল্প পরিকল্পনা ট্রাম্পের কাছে তুলে ধরতে পারে বলে ইঙ্গিত মিলছে।
চলতি বছরের ১৩ জুন ইসরায়েল ‘রাইজিং লায়ন’ অভিযানে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানীরা নিহত হন। জবাবে ইরান ‘ট্রু প্রমিস ৩’ অভিযানে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালায়।পরিস্থিতি আরও ঘোলাটে হলে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।
এরপর ইরান কাতারের আল উদেইদে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা করে। টানা ১২ দিনের উত্তেজনার পর ২৪ জুন প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে আসে দুই দেশ। তবে, পারমাণবিক অস্ত্র তৈরির কাজ এখনো নিয়োজিত রেখেছে ইরান।