আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ হামলায় ইসরায়েলের ১৪ সেনা আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় বুধবার, ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে উত্তর ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আহতদের মধ্যে ছয় সেনার অবস্থা গুরুতর।
তারা আরো জানিয়েছে, আরব আল আরামশে বেদুইন গ্রামের দিকে গোলাবর্ষণের বেশ কয়েকটি উৎসসহ অ্যান্টি-ট্যাংক মিসাইল এবং ড্রোন উৎক্ষেপণ শনাক্ত করার পর ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। ইসরায়েলি ইয়েনেট নিউজ সাইট জানিয়েছে, সেনারা গ্রামের একটি কমিউনিটি সেন্টারে অবস্থান করছিল, তখনই এই হামলা চালানো হয়।
এর আগে গত মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ফিল্ড কমান্ডারসহ তিনজন নিহত হন বলে লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে। জবাবে এই হামলা চালাল হিজবুল্লাহ।
গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনী নিয়মিতভাবেই সীমান্তে গুলিবিনিময় করছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ২০০৬ সালের যুদ্ধের পর এটিই ইসরায়েল-লেবানিজ সীমান্তে সবচেয়ে খারাপ সহিংসতার ঘটনা।
সূত্র : রয়টার্স