কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (৯ জুন) সকাল ৮টার দিকে বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা গ্রামে ৬৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি ওই ইউনিয়নের মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, রবিবার সকাল আটটায় স্থানীয়রা জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান। পরে তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ভারত থেকে চিনি আনতে গিয়ে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। পরে স্থানীয় শংকুচাইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে তিনি কাঁটাতার বেড়া এলাকায় গিয়ে মরদেহ দেখতে পান।
তিনি আরো জানান, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগের চেষ্টা চলছে।
যোগাযোগ সম্পন্ন হলে মরদেহ আনার ব্যবস্থা করা হবে।
বাকশীমুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল করিম বলেন, মরদেহ এখনো সীমান্তের কাঁটাতারের কাছে পড়ে আছে।
৬০ বিজিবির অধিনায়ক এএম জাবের বিন জব্বার সাংবাদিকদের বলেন, রবিবার সকালে আনোয়ার হোসেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
এতে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনার চেষ্টা চলমান রয়েছে।
নিহত আনোয়ার ভারত থেকে চোরাইপথে আনা চিনি বহনকারী শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার বলেন, সকালে আমরা ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে জানতে পেরেছি। তার মরদেহ কাঁটাতার সংলগ্ন এলাকায় পাওয়া গিয়েছে।
তবে কী কারণে এমনটা ঘটেছে, তা আমরা এখনো জানতে পারিনি।