আন্তর্জাতিকঃ সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি নারীদের বছরের পর বছর হেনস্তা করছিলেন এক ব্যক্তি। হাসান সাইদ নামের ওই বাংলাদেশি পুরুষ ফ্রান্সে থাকেন, এবং টিকটক ব্যবহার করে নারীদের ধর্ষণ ও হত্যার হুমকি দেন। খবর- বিবিসি
যুক্তরাজ্যের ইয়র্কশায়ারে বাস করেন সুলতানা (ছদ্মনাম)। নারীবিদ্বেষ এবং ক্ষতিকর সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তিনি টিকটকে আলোচনা করতেন। ২০২১ সালে তার পরিচিত একজনকে হেনস্তা করতে শুরু করেন হাসান সাইদ। এর প্রতিবাদ করায় সুলতানাকেও হুমকিধমকি দিতে থাকেন সাইদ। টিকটকে হাসান সাইদের প্রচুর ফ্যান-ফলোয়ার আছে, তারাও সুলতানাকে হেনস্তা করতে থাকেন।
সুলতানা জানান, পরবর্তী দুই বছর বার বার তাকে হেনস্তা করেন সাইদ। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
যুক্তরাজ্যের আরও অনেক প্রবাসী বাংলাদেশি নারী বিবিসিকে জানিয়েছেন, হাসান সাইদ সোশ্যাল মিডিয়া থেকে তাদের ছবি চুরি করেন। এরপর টিকটকে গিয়ে সেই নারীর ছবি দিয়ে টিটকারি করতে থাকেন, কখনো ধর্ষণ এবং হত্যার হুমকি দেন।