ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণের জন্য পাঁচ হাজার ৮৯৯ কোটি টাকার ‘ভূমি অধিগ্রহণ’ শীর্ষক সংশোধনী প্রকল্পসহ আট প্রকল্প উঠছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ড. ইউনূসের প্রথম একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন পেতে পারে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এর আগে একনেক সভা অনুষ্ঠিত হয়েছে পরিকল্পনা কমিশনের এনইসি সভায়।
একনেক সভায় সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের এটিই প্রথম একনেক সভা।
পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) খন্দকার আহসান হোসেন জাগো নিউজকে বলেন, একনেক সভা ১৮ তারিখে অনুষ্ঠিত হবে। তবে এবারের একনেক সভা আমাদের কমিশনে হবে না কারণ এখানে হলে আমরা চিঠি পেতাম। এবার উপদেষ্টার কার্যালয়ে একনেক সভা অনুষ্ঠিত হবে।