আন্তর্জাতিক: শুধু বাংলাদেশ নয় পাশের দেশ ভারতেও তীব্র তাপপ্রবাহ চলছে। প্রচণ্ড গরমে নাজেহাল পশ্চিমবঙ্গের কলকাতা শহর। দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তীব্র গরমের মধ্যে লাইভ সংবাদ পাঠ করার সময় জ্ঞান হারালেন কলকাতার টিভি সংবাদ পাঠিকা লোপামুদ্রা সিনহা।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ালের পরিচিত অভিনেত্রী লোপামুদ্রা দীর্ঘদিন টিভিতে সংবাদ পাঠ করছেন। শুক্রবার নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে অসুস্থতার কথা জানান তিনি।
অনুসারীদের লোপামুদ্রা জানান, গতকাল শুক্রবার সকালে নিউজ বুলেটিন পড়ার সময় মারাত্মক গরমে অসুস্থবোধ করেন তিনি। লাইভ নিউজ চলার সময় আমার বিপি (রক্তচাপ) মারাত্মক কমে যায়, আমি অজ্ঞান হয়ে যাই। বেশকিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল, মনে হচ্ছিল একটু পানি খেলে ঠিক হয়ে যাবে। আমি কোনোদিন পানি নিয়ে সংবাদ পড়তে বসি না। সেটা ১০ মিনিটের নিউজ হোক বা আধ ঘণ্টার, কখনো প্রয়োজন পড়েনি।…. ফ্লোর ম্যানেজারকে ইশারা করে পানির বোতল চাই। সেই সময় জেনারেল স্টোরি যাচ্ছিল, কোনো বাইট চলছিল না। ফলে আমি পানি খেতে পারছিলাম না। অবশেষে একটা বাইট আসায়, পানিটা অবশেষে খাই।