ময়মনসিংহের মুক্তাগাছায় ব্যবসায়ী নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় দুই যুগ পর আদালত ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সোমবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হারুন অর রশিদ দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। এছাড়া, প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্তরা হলেন—সদর উপজেলার গনেশ্যামপুরের আব্দুল মোতালেব ওরফে ছুইত্যা, মো. সোহেল, রমজান আলী, আব্দুল হাই ওরফে হীরা, ফরিদ এবং মুক্তাগাছার কুমারগাথার আব্দুছ সালাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০২ সালের ১৯ জুলাই ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ধান-চালের ব্যবসায়ী নূরুল হক। পরদিন মনতলা ব্রীজ সংলগ্ন কলাবাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ওইদিনই নিহতের স্ত্রী নাসিমা খাতুন মুক্তাগাছা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে মোট ৯ জনকে অভিযুক্ত করা হয়। বিচার চলাকালে তিন আসামির মৃত্যু হওয়ায় বাকি ছয়জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।
আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।