ঢালাইয়ের সময় নওগাঁ সার্কিট হাউসের নবনির্মিত গেটের পিলার, ছাদ ও সাটারিং ভেঙে পড়ে চার শ্রমিক আহত হয়েছেন। গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
রোববার (২৮ জুলাই) বিকেল ৪টায় সার্কিট হাউজের নির্মাণাধীন গেটটি হঠাৎ ভেঙে পরে। এসময় সাটারিং নিচে পরা ৪ শ্রমিককে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
আহত শ্রমিকরা হলেন- নওগাঁ সদর উপজেলার শিবপুরহাট এলাকার জয়নাল আবেদীনের ছেলে ভূট্টো (৪০), শহরের চকদেবপাড়া মহল্লার ইসমাইলের ছেলে বাবু (৪২), সদর উপজেলার মশরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন (৪০) ও সাপাহার উপজেলার আমজাদ হোসেনের ছেলে মিলন (৪০)।
নওগাঁর জেলা প্রশাসক গোলাম মাওলা ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা তদারকি করেন।