শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে কি না, প্রশ্ন আবদুস সালামের রুহুল কবির রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি থানায় জিডি নেপালে আরও ২ হ্রদে জমছে পানি, নতুন করে বন্যার ঝুঁকি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের আরও ৩১২ এজেন্সি রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত : রেড ক্রস নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী ‘বাবাকে নির্লজ্জভাবে মেরে ফেলার চেষ্টা চলছে’: ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড়

নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৩ টাইম ভিউ
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
ছবি-সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্ত অঞ্চলে ভয়াবহ আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৫৩৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ, যাদের মধ্যে শত শত বিদেশি নাগরিকও রয়েছেন। এদিকে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকাগুলোতে আবারও বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় উদ্ধার তৎপরতায় সতর্কতা জারি রয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মৃতের এই সংখ্যা জানিয়েছে। কর্তৃপক্ষের দেওয়া হিসাবের মধ্যে রাসুয়া এলাকায় নিহত ব্যক্তিদের পাশাপাশি ভাটির দিকে দূরবর্তী বিভিন্ন জেলা থেকে উদ্ধার হওয়া মরদেহও অন্তর্ভুক্ত রয়েছে।

গত বুধবার সকালে নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক ঢল নামে। মুহূর্তের মধ্যে প্রবল পানির স্রোত, কাদা, বরফ ও পাথর ভাটির দিকে ধেয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করে। এ ঘটনায় নেপালের পাশাপাশি তিব্বতেও হতাহতের ঘটনা ঘটেছে।

এর আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, তিব্বতে এ দুর্যোগে পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে দুর্গত এলাকায় যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়ায় হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগের পর এখনো ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে বিপুলসংখ্যক বিদেশি নাগরিক রয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তিব্বতে ৫৫৮ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

এদিকে দুর্গত এলাকায় দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। রেডক্রসের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকাগুলোতে আবারও বন্যা আঘাত হানতে পারে—এমন খবরের কারণে জীবিতদের সন্ধানে কাজ করা উদ্ধারকারীরা উদ্বিগ্ন ও সতর্ক অবস্থায় রয়েছেন।

চীন-নেপাল সীমান্তের কাছাকাছি এলাকায় অতিরিক্ত পানি জমে একটি হ্রদের মতো জলাধার তৈরি হয়েছে বলেও জানিয়েছে বিবিসি। ওই হ্রদের পানি উপচে পড়লে নতুন করে বড় ধরনের বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্যোগটির প্রকৃত কারণ নিয়ে এখনো বিশ্লেষণ চলছে। তবে রয়টার্স ও কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করছেন, নেপালের লাংটাং লিরুং পর্বতের উত্তর ঢাল থেকে বিপুল পরিমাণ বরফ ও পাথরের ধস নেমে লহেন্দেখোলা নদীতে পড়ে।

এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহ সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়ে সেখানে একটি প্রাকৃতিক বাঁধ তৈরি হয়। পরে সেই প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে জমে থাকা বিপুল পরিমাণ পানি, বরফ, পাথর ও কাদার স্রোত প্রবল বেগে ভাটির দিকে নেমে আসে।

হঠাৎ তৈরি হওয়া এই প্রবল স্রোতই মুহূর্তের মধ্যে বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। এখন উদ্ধারকারীদের প্রধান লক্ষ্য নিখোঁজদের সন্ধান করা এবং নতুন করে বন্যা বা ঢলের ঝুঁকি থেকে দুর্গত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর