মঞ্চে গিটার হাতে যার দাপুটে উপস্থিতি লাখো ভক্তের হৃদয়ে কম্পন ধরায়, সেই নগরবাউল জেমসকে এবার দেখা গেল এক ভিন্ন রূপে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, গুরু জেমস তাঁর ছোট ছেলে জিবরান আনামকে অত্যন্ত মমতা ও যত্বের সাথে ড্রামসের খুঁটিনাটি শেখাচ্ছেন।
ভিডিওটিতে দেখা যায়, গিটার ফেলে ড্রাম স্টিক হাতে নিয়ে পুত্র জিবরানকে তা ধরার কৌশল শেখাচ্ছেন বাবা জেমস। গুরুর এমন ঘরোয়া এবং স্নেহমাখা ভঙ্গি দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্ত-অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই জেমসের উত্তরসূরি নিয়ে ইতিবাচক মন্তব্যের জোয়ার বয়ে যাচ্ছে। নেটিজেনদের অনেকে প্রত্যাশা করছেন যে, বাবার উপযুক্ত শিষ্য হিসেবে জিবরান ভবিষ্যতে একজন বড় মাপের মিউজিশিয়ান হয়ে বিশ্ব জয় করবে।
প্রাসঙ্গিক তথ্যমতে, জেমস ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন। নামিয়া জেমসের তৃতীয় স্ত্রী, যিনি যুক্তরাষ্ট্রে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন। বাবা ও ছেলের এই বিশেষ মিউজিক্যাল মুহূর্তটি বর্তমানে নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।