সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় টিকটকার ক্লউডিয়ার মর্মান্তিক মৃত্যু

বিনোদন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪ টাইম ভিউ
সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় টিকটকার ক্লউডিয়ার মর্মান্তিক মৃত্যু

লন্ডনের সোহোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ছয়দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্লউডিয়া জাকরজেস্কা (৩২)। শনিবার ২৫ এপ্রিল তার মৃত্যু হয়। তিনি পোল্যান্ডের নাগরিক ছিলেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ এপ্রিল ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে লন্ডনের সোহো এলাকার আর্গিল স্ট্রিটে ইনকো নাইটক্লাবের বাইরে একটি মার্সিডিজ গাড়ি পথচারীদের চাপা দেয়। ওই পথচারীদের মধ্যে ক্লউডিয়াও ছিলেন। দুর্ঘটনার পর তিনি টানা ছয়দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় সাবেক রিয়েলিটি শো ‘এক্স ফ্যাক্টর’-এর ফাইনালিস্ট গ্যাব্রিয়েল ক্যারিংটনকে অভিযুক্ত করা হয়েছে। প্রথমে তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হলেও ক্লউডিয়ার মৃত্যুর পর এখন তাকে হত্যা মামলায় অভিযুক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, ২৯ বছর বয়সী গ্যাব্রিয়েল মদ্যপ অবস্থায় বিপজ্জনকভাবে গাড়ি চালাচ্ছিলেন, যার ফলে আরও দুইজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন নারী এবং একজন নিরাপত্তা কর্মী ছিলেন।

তদন্ত কর্মকর্তা ডিসিআই অ্যালিসন ফক্সওয়েল বলেন, ক্লউডিয়ার মৃত্যুকে কেন্দ্র করে পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। পাশাপাশি তিনি জনসাধারণকে অনুরোধ করেন, ঘটনাটি নিয়ে কোনো ধরনের জল্পনা বা অপ্রমাণিত তথ্য না ছড়াতে এবং নৃশংস ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকতে।

অভিযুক্ত গ্যাব্রিয়েলকে ২১ এপ্রিল ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। তার পরবর্তী শুনানি ১৯ মে ওল্ড বেইলি আদালতে অনুষ্ঠিত হবে। ক্লউডিয়া টিকটক ও ইনস্টাগ্রামে ‘ক্লউডিয়াগ্ল্যাম’ নামে পরিচিত ছিলেন। দুর্ঘটনার পর তার চিকিৎসার জন্য প্রায় ১৮ হাজার পাউন্ড অনুদান সংগ্রহ করা হয়েছিল। তার মা কিঙ্কা জাকরজেস্কা মেয়ের মৃত্যুর পর আবেগঘন শোকবার্তা দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর