মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ওই অঞ্চলে এসে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর পরাক্রমশালী বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটন। এলাকাটিতে আগে থেকে মোতায়েন থাকা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর স্থলাভিষিক্ত হতে যাচ্ছে এই রণতরী।
তুরস্কের বার্তা সংস্থা আনদোলু বৃহস্পতিবার (২০ আগস্ট) জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে।এক বিবৃতিতে সেন্টকম জানায়, নির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’ এখন মধ্যপ্রাচ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। সেন্টকমের আওতাধীন অঞ্চলে পৌঁছানোর পর বুধবার থেকেই এটি কাজ শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানবাহী জাহাজটির একটি ছবিও প্রকাশ করেছে সেন্টকম। এতে আরব সাগরে অবস্থানরত জাহাজটির ডেকে বেশ কয়েকটি যুদ্ধবিমান দেখা যায়।
ইরান যুদ্ধকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করে আসছে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। তবে সাম্প্রতিক কিছু প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় মোতায়েন থাকার কারণে আব্রাহাম লিংকনে থাকা সেনাদের মধ্যে তীব্র মানসিক চাপ ও স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। একই সঙ্গে জাহাজটিতে কিছু কাঠামোগত সমস্যাও তৈরি হয়েছে।
এ অবস্থায় সেখানে অবস্থানরত সেনাসদস্যদের স্বস্তি দিতে এবং তাদের স্থলাভিষিক্ত করতেই ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’কে দ্রুত মধ্যপ্রাচ্যে পাঠানোর সিদ্ধান্ত নেয় পেন্টাগন। জাপানের ইয়োকোসুকা ঘাঁটিতে অবস্থানরত এই বিমানবাহী জাহাজটিকে বিশেষ নির্দেশে দ্রুত এ অঞ্চলে নিয়ে আসা হয়। নতুন এই রণতরী যুক্ত হওয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।