মোঃ নজরুল ইসলাম খান স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুর পৌরসভা এলাকায় সোমবার (২৯ মে) সকালে দিগন্ত পরিবহনের একটি বাসের ধাক্কায় সিরাজুল ইসলাম (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ সূত্র জানিয়েছে নিহত সিরাজুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মুরাপুর গ্রামে। তিনি মাধবপুর পৌর শহরের শ্যামলীপাড়ায় মক্কা মদীনা স্যানেটারী হাউসের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। তবে ঘাতক বাসটিকে শনাক্ত করা যায়নি।
আজ সকাল ৭ টায় রাস্তা পারাপারের সময় তিতাস হাসপাতালের সামনে ঢাকা- সিলেট মহাসড়কে দিগন্ত পরিবহনের একটি বাসের ধাক্কায় সিরাজুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত সিরাজুলকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করেন। অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকদের পরামর্শে ব্রাহ্মণবাড়িয়া সদর
হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার সময় সকাল সাড়ে ১১ টায় পথিমধ্যে সিরাজুল ইসলামের মৃত্যু হয়। নিহতের লাশ স্বজনেরা বাড়ি নিয়ে গেছেন।