ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট হওয়া শর্টগানের গুলিতে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। ৬ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে সোমবার (১২ আগস্ট) ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের নাম পলাশ (১৮)। সে সদরপুরে আটরশীর হোটেল ব্যবসায়ী মোশাররফ হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত পলাশ তার বাবার সঙ্গে হোটেলে কাজ করত। ৬ আগস্ট সকালে হোটেলে থেকে তার দুই বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। এরপর আড়াইরশি গ্রামে মোসলেম মাতুব্বরের বাড়িতে যায়। ওই বাড়ির একটি কক্ষে পলাশের মাথায় শর্টগানে গুলিবিদ্ধ হয়। এদিকে, গুলির শব্দে বাড়ির লোকজন ছুটে গিয়ে দেখে গুরুতর আহতাবস্থায় বিছানায় পড়ে আছে রক্তাক্ত পলাশের দেহ। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পরে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে নেওয়া হয়। ৬দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১২ আগস্ট) ভোর ৬টার দিকে মারা যায় পলাশ।