শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

লোকসানের শঙ্কায় কুমিল্লার খামারিদের কপালে চিন্তার ভাঁজ

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। গত বছরের ঈদুল আজহায় কুমিল্লায় চাহিদার তুলনায় আট হাজারের বেশি পশু মজুদ ছিল। এবারও কুমিল্লা নগরী ও জেলার ১৭টি উপজেলায় চাহিদার তুলনায় সাড়ে ৯ হাজারের বেশি পশু মজুদ রয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। পর্যাপ্ত পশু মজুদের দিক থেকে কুমিল্লার মানুষ স্বস্তিতে থাকলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না জেলার সাড়ে ৩৬ হাজারের বেশি খামারির।

ঈদুল আজহা বা কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, খামারিদের কপালে চিন্তার ভাঁজ ততই বড় হচ্ছে।

খামারিদের সঙ্গে কথা বলে দুশ্চিন্তার কারণ সম্পর্কে জানা গেছে, কুমিল্লার পাঁচটি উপজেলার প্রায় ১০৬ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে ভারতের সীমান্ত এলাকা। প্রতিবছরই কোরবানির ঈদের সময় ভারত থেকে অবৈধভাবে কমবেশি গরু কুমিল্লায় প্রবেশ করে। এতে অনেক সময় লোকসানের মুখে পড়তে হয় খামারিদের।

এদিকে গত কয়েক বছরের মতো গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবারও পশুপালনে খরচ বেশি হচ্ছে বলে জানিয়েছেন খামারিরা। এর মধ্যে শেষ পর্যন্ত যদি ভারতীয় গরু প্রবেশ করে তাহলে খামারিদের অতীতের মতো লোকসানে পড়তে হবে। এ অবস্থায় সীমান্তপথে অবৈধভাবে গরু আসা বন্ধে কঠিন নজরদারি এবং সরকারের আন্তরিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন খামারিরা। বিষয়টি নিয়ে প্রশাসন, পুলিশ ও বিজিবির কর্মকর্তারা বলছেন, ভারতীয় গরু যেন প্রবেশ করতে না পারে, সেদিকে সতর্কতা বাড়ানো হয়েছে।

তাই খামারিদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর কুমিল্লা নগরী ও জেলার ১৭ উপজেলায় পশু পালন করছেন ৩৬ হাজার ৫৯৮ জন খামারি। তাঁদের খামারে থাকা পশুর সংখ্যা দুই লাখ ৯৮ হাজার ৪৫৬। আর এবারের ঈদে জেলায় চাহিদা রয়েছে দুই লাখ ৮৮ হাজার ৭৮৮টি পশুর। সেই হিসাবে এ বছর জেলায় উদ্বৃত্ত পশুর সংখ্যা ৯ হাজার ৬৬৮।

এ বছর জেলাজুড়ে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৩৯১টি পশুর হাট বসতে যাচ্ছে।

কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার নুরজাহান অ্যাগ্রোর খামারি মনির হোসেন বলেন, ‘খাবারের দামের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকের চাহিদা অনুযায়ী পশু তৈরি করা কঠিন হয়ে গেছে। সবই বেশি দামে কিনতে হয় বলে খামারিরা হিমশিম খাচ্ছে। দাম শুনলে ক্রেতারা তাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে বলে জানান। তাই বর্তমান বাজারে দামের সঙ্গে সমন্বয় করা খুবই কঠিন। এর বাইরে শঙ্কায় আছি ভারতীয় গরু প্রবেশের বিষয়টি নিয়ে।’

জেলার খামারিদের সংগঠন ডেইরি অ্যাসোসিয়েশন কুমিল্লার সভাপতি ফরহাদ হোসেন বলেন, ‘আমরা সারা বছর পশু পালন করে লাভের স্বপ্ন দেখি। আর চোরাইভাবে ভারতীয় গরু এসে প্রতিবারই আমাদের সেই স্বপ্ন নষ্ট করে দেয়।’

কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার বলেন, ‘ভারতীয় পশু প্রবেশ নিয়ে আমরাও শঙ্কায় আছি। গত বছরের চেয়ে তিন হাজারের বেশি খামারি বেড়েছে কুমিল্লায়। ভারতীয় গরু প্রবেশ করলে আমাদের খামারিরা লোকসানের মুখে পড়বে। তবে রবিবার (৯ জুন) জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেছেন, কোনোভাবেই ভারতীয় গরু প্রবেশ করতে দেওয়া হবে না।’

অনুসন্ধানে জানা গেছে, ঈদকে টার্গেট করে কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্ট দিয়ে কমবেশি আসছে ভারতীয় গরু। বিশেষ করে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার, সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা, ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি, বুড়িচং উপজেলার ভবেরমূড়া, চৌদ্দগ্রাম উপজেলার ডিমাতলী এলাকাকে গুরুত্বপূর্ণ ট্রানজিট হিসেবে বেছে নিয়েছে চোরাকারবারিরা। তারা এসব পশু সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে দেশি গরুর সঙ্গে মিশিয়ে রাখে। পরে এই পশু হাটে বিক্রি করা হয় বলে জানা গেছে।

বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল মোহম্মদ শরিফুল ইসলাম মিরাজ বলেন, ‘বিজিবির চারটি ব্যাটালিয়নের অধীনে কুমিল্লায় সীমান্ত এলাকা রয়েছে ১০৬ কিলোমিটার। দেশি খামারিদের বাঁচাতে ঈদুল আজহা সামনে রেখে চোরাপথে যেন পশু আসতে না পারে, সে জন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর