বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম পাবনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ জাহিদ হাসান ও মাহবুবুর রহমান নিলয়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি এ দুই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। এরপর নিলয় ও জাহিদসহ সকল শহীদদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
শহীদ জাহিদ হাসান ৪ আগস্ট পাবনা শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী আবু সাঈদের গুলিতে নিহত হন। একই দিনে মাহবুবুর রহমান নিলয়ও আবু সাঈদের গুলিতে বুকে গুলি লেগে শাহাদাতবরণ করেন।
শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমাদের শহীদরা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে জীবনের বিনিময়ে যে ত্যাগ স্বীকার করেছেন, তা আমাদের জন্য চিরস্মরণীয়। তাদের এই ত্যাগের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা।’
তিনি আরও বলেন, ‘শহীদদের এই আদর্শিক সংগ্রাম আমাদের চলার পথে আলোকবর্তিকা হয়ে থাকবে। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’
সাক্ষাতকালে কেন্দ্রীয় সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, পাবনা শহর শাখার সভাপতি ফিরোজ হোসেন এবং পাবনা জেলা পশ্চিম শাখার সভাপতি ইসরাইল হোসেন শান্ত।