সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের মিরপুরে চলন্ত প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ দুর্নীতিমুক্ত সমবায় গড়তে আইন সংশোধনের আহ্বান রাষ্ট্রপতির সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিঃশেষ প্রায় ৩০০ পরিবার: রোড সেফটি ফাউন্ডেশন সেনেগালের উপকূলে অভিবাসী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি বাংলাদেশিদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার :বিশ্বব্যাংক দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে : আইনমন্ত্রী রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার

হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে সহায়তা দেবে ইরান: রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩১ টাইম ভিউ
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে সহায়তা দেবে ইরান: রাষ্ট্রদূত
ছবি-সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ পারাপারে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে ইরান। আগাম সমন্বয়ের মাধ্যমে এসব জাহাজকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। বুধবার (০৪ নভেম্বর) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন।

সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণকে মুসলিম ভাই-বোন হিসেবে উল্লেখ করেন। বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে জলিল রহিমি জাহানাবাদী বলেন, আত্মরক্ষার প্রয়োজনে ইরান নতুন ড্রোন তৈরি করেছে। যেকোনো আক্রমণ প্রতিহত করতেও দেশটি প্রস্তুত। তবে হাফিজ ও শেখ সাদির মতো কবিদের দেশের মানুষ হিসেবে ইরান যুদ্ধের পরিবর্তে শিল্প, সংস্কৃতি ও মানবতায় বিশ্বাস করে।

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে ইরানের কোনো বিরোধ নেই বলেও দাবি করেন রাষ্ট্রদূত। তাঁর ভাষ্য, আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে ইরানের ওপর হামলা না হলে তেহরান কখনো কোনো আরব দেশে আক্রমণ করবে না।

পবিত্র মক্কা ও মদিনাকে ইরানের ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করে পশ্চিমা হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘মক্কা চুক্তি’ গঠনের প্রস্তাব দেন তিনি।ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, এ দ্বন্দ্ব ইরানের ইসলামি বিপ্লবেরও আগের। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতার কারণে ইয়েমেনের হুতি, ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের হাশদ আল-শাবির প্রতি ইরানের রাজনৈতিক ও আধ্যাত্মিক সমর্থন রয়েছে।

শিয়া-সুন্নি বিভাজনের বিষয়টি নাকচ করে জলিল রহিমি জাহানাবাদী বলেন, কোনো গোষ্ঠীর ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ইরান সমর্থন নির্ধারণ করে না। হামাস সুন্নি সম্প্রদায়ের হলেও দেশটি তাদের সমর্থন করছে। এমনকি মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলে তাদেরও সমর্থন দিতে প্রস্তুত ইরান। লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে বিশ্ব অর্থনীতিতে চাপ এবং পণ্যের মূল্যবৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইরানি রাষ্ট্রদূত।

তিনি বলেন, চলমান সংকটের মধ্যেও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের নিদর্শন হিসেবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ পারাপারে ইরান সব ধরনের সহযোগিতা দেবে। তবে এ জন্য আগাম সমন্বয় করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর