দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। রবিবার (১৭ আগস্ট) ভোরে আঘাত হানা এ ভূমিকম্পে অন্তত ২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনবিপি। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এতে সুলাওয়েসির পসো অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয় এবং আশপাশের এলাকাও কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বিশাল ভূ-প্রাকৃতিক ঝুঁকির মধ্যে থাকা ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও সুনামি প্রায় নিয়মিতই ঘটে থাকে। দেশটির জনসংখ্যা সাড়ে ২৭ কোটির বেশি এবং এটি প্রশান্ত মহাসাগরের সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চল ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত।
এর আগে ২০০৯ সালে ইন্দোনেশিয়ার পাদাংয়ে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছিল। আর ২০০৪ সালে সুমাত্রার উপকূলে আঘাত হানা ৯ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে দেশটিতে প্রাণ হারিয়েছিলেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, ইন্দোনেশিয়ার মতো জাপানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশও একই কারণে বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।