অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে প্রবেশের জন্য দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের গুয়াহাটি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল সোমবার পুলিশ জানিয়েছে। মঙ্গলবার (১৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল গুয়াহাটি রেলস্টেশন থেকে ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।
তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর জন্য শহরে অবস্থান করতে পারে বলে পুলিশ সন্দেহ করছে। সন্দেহভাজন ওই দুই বাংলাদেশি নাগরিকদের একজন বাহার মিয়া (৩০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। অপর ব্যক্তির নাম রাসেল মিয়া (৪০) এবং তার বাড়ি বাংলাদেশের নেত্রকোনা জেলায়।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘অভিযুক্তরা বাংলাদেশের নাগরিক এবং পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ করে অবস্থান করছিল এবং কিছু ভারতীয় নথিপত্র হাতে পেয়েছিল।’ তাদের কাছ থেকে আধার এবং প্যান কার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশ বলেছে, সেগুলো ভুয়া বলে সন্দেহ করছে।