আন্তর্জাতিক ডেস্ক : নৌকাডুবির এক দিন পর ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূল থেকে বৃহস্পতিবার অন্তত ৬৯ রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।
তাদের উদ্ধারের জন্য পাঠানো জাহাজে থাকা বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক এ কথা জানিয়েছেন।
সূত্র জানায়, তাদের একটি উল্টে যাওয়া নৌ-যানে আটকা পড়ে থাকতে দেখা গেছে। বুধবার আরো ছয়জনকে উদ্ধার করা হয়েছিল।
বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে শতাধিক রোহিঙ্গা শরণার্থী ও তাদের সাহায্য করতে যাওয়া একটি মাছ ধরার নৌকা ইন্দোনেশিয়ার নৌ-সীমায় ডুবে গেছে। স্থানীয় জেলেরা জানিয়েছে, সেখান থেকে ছয়জনকে উদ্ধার করা হয়েছে এবং কয়েকজন স্রোতে ভেসে গেছে।
পশ্চিম আচেহর ঐতিহ্যবাহী মৎস্যজীবী সম্প্রদায়ের নন্দা ফেরদিয়ানিয়াহ বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘পশ্চিম আচেহর জেলেদের কাছ থেকে আমরা খবর পেয়েছি, রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী একটি নৌকা মেউলাবোর কাছে সাগরে ডুবে গেছে।’
তিনি বলেন, ‘স্থানীয় সময় সকাল ৮টার দিকে এক জেলে রোহিঙ্গাদের নৌকাডুবির দৃশ্য দেখতে পান। জেলেদের নৌকা তাদের কাছে আসতেই তারা সবাই নৌকায় উঠে পড়ে। তারা ওঠার সাথে সাথে ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ হওয়ায় জেলেদের নৌকাটিও ডুবে যায়।’
রিজেন্সির জেলে সম্প্রদায়ের সেক্রেটারি জেনারেল পাওয়াং আমিরুদ্দিন এক বিবৃতিতে বলেন, পশ্চিম আচেহর কুয়ালা বুবন সৈকতে রোহিঙ্গাবাহী নৌকাটি ডুবে যায়।
সূত্র : এএফফি এবং ভয়েস অব আমেরিকা