পশ্চিমবঙ্গে এক কংগ্রেস নেতাকে বেশ কয়েক ঘণ্টা থানায় নগ্ন অবস্থায় আটকে রাখার অভিযোগ উঠেছে। শাহজান শেখ নামে ওই নেতাকে নগ্ন অবস্থায় থানার মধ্যে ঘোরানোও হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহজান শেখর স্ত্রী। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ মে) পশ্চিমবঙ্গের মালদহতে।
শাহজাহান শেখের স্ত্রী কাদবানু বিবির অভিযোগ, রাজনৈতিক চক্রান্ত করে তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনার দিন রাতে বন্ধুর বাসা থেকে শাহজাহান শেখ নামে ওই কংগ্রেস নেতাকে গ্রেপ্তার কেরে পুলিশ। গ্রেপ্তার করা হয় আরো এক কংগ্রেস নেতা ফিটু শেখকেও। ঘটনাস্থল থেকেই মারতে মারতে তাকে থানায় নিয়ে যাওয়া হয় ৷
শেখের স্ত্রী আরো অভিযোগ করেন, থানায় নিয়ে গিয়ে তাকে দুই ঘণ্টা সম্পূর্ণ নগ্ন অবস্থায় রাখা হয়।
শুধু নগ্ন করে নয়, সেই অবস্থায় তাকে বেধড়ক মারধর এবং থানায় ঘোরানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। থানার কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়াররা সেই দৃশ্যর ভিডিও ধারণ করেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে তারা।
কাদবানু বিবি সম্পূর্ণ ঘটনার পুলিশি তদন্তের দাবি করছেন।
ঘটনার সঙ্গে জড়িত মানিকচক থানার আইসিসহ অন্যান্য পুলিশকর্মীদের বিরুদ্ধে রাজ্য ও জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করবেন কাদবানু বিবি।
এদিকে অভিযোগ গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মালদার পুলিশ সুপার। জানা গেছে, পুরোনো বোমাবাজির ঘটনায় ওই কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে তোলা হলে ছয় দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়।
সূত্র : ইটিভি ভারত