বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান স্পিকারের ঐক্য থাকলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান হাম উপসর্গের রোগী আড়াই লাখ ছাড়াল, একদিনে আরও ৫ মৃত্যু রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসআরবি এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো মুখোমুখি বসছেন শি, পুতিন ও ট্রাম্প

জীবিত ফিরতে পারব কি না জানি না: খোলা চিঠিতে কারাবন্দি ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৫ টাইম ভিউ
জীবিত ফিরতে পারব কি না জানি না: খোলা চিঠিতে কারাবন্দি ইমরান খান
ছবি-সংগৃহীত

কারাগারে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন, নিঃসঙ্গ বন্দিত্ব ও পর্যাপ্ত চিকিৎসার অভাবে যেকোনো সময় মৃত্যুর আশঙ্কা করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে দেশটির শীর্ষ আদালতের প্রধান বিচারপতিদের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি লেখেন ইমরান। তার আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন।

চিঠিতে ইমরান খান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাকে প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা নির্জন কারাকক্ষে আটকে রাখা হচ্ছে। দীর্ঘ এই নিঃসঙ্গতা ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ হারিয়েছেন তিনি।

নিজের শারীরিক ঝুঁকির কথা উল্লেখ করে তিনি জানান, গত ১০ নভেম্বর তার রক্তচাপ বেড়ে ১৯২ থেকে ১৯৩ পর্যন্ত পৌঁছেছিল। চিকিৎসকেরা তাকে সতর্ক করে জানিয়েছেন, তার হৃদ্‌যন্ত্র ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেকোনো সময় মস্তিষ্কে রক্তক্ষরণ কিংবা হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ সীমিত করে দেওয়ার অভিযোগও তুলেছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। তার দাবি, গত এক বছরে আইনজীবীদের সঙ্গে মাত্র চারবার সাক্ষাতের সুযোগ পেয়েছেন। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গে টেলিফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না।

নিজের শারীরিক অবস্থার পাশাপাশি স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। চিঠিতে তিনি জানান, গত এপ্রিলে চোখের রেটিনার সমস্যায় বুশরার অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু সম্প্রতি তার সঙ্গে দেখা করে চোখের অবস্থা আরও খারাপ বলে মনে হয়েছে। আলো সহ্য করতে পারছেন না তিনি, এমনকি চোখও খুলতে পারছেন না। দ্রুত আরেকটি অস্ত্রোপচার করা না হলে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে।

আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করার অভিযোগ তুলে ইমরান বলেন, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দ্রুত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ সেই নির্দেশ কার্যকর করেনি।

চিঠির শেষাংশে বিচারপতিদের কাছে জরুরি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে ইমরান বলেন, তিনি কারাগারে কোনো বিশেষ সুযোগ-সুবিধা দাবি করছেন না। তার চাওয়া, আদালতের আগের নির্দেশনা কার্যকর করা হোক এবং তাকে ও তার স্ত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হোক। তিনি আরও লেখেন, ‘আমি বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব। তাই অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।’

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন ইমরান খান। পরবর্তী সময়ে তোশাখানা-২ মামলায় গত ডিসেম্বরে তাকে ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে দুজনই আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। সূত্র: ট্রিবিউন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর