সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালে জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচনের ফল পাল্টানোর অভিযোগ আনা হয়েছিল। বুধবার (৫ জুন) ওই মামলা স্থগিত করার রায় দিয়েছেন জর্জিয়ার আপিল আদালত।
ফুল্টন কাউন্টির সুপিরিয়র কোর্ট জাজ স্কট ম্যাকাফি রায় দিয়ে বলেন, চাইলে ট্রাম্পের আইনজীবীরা রায়ের বিরুদ্ধে জর্জিয়ার আপিল আদালতে যেতে পারেন৷ এই আপিল আদালতই বুধবার ট্রাম্পের বিরুদ্ধে আনা ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছেন।
আপিল আদালত শুনানির জন্য ৪ অক্টোবর দিন ধার্য করেছেন৷ এরপর রায় দেওয়ার জন্য আগামী বছরের মার্চের মাঝামাঝি পর্যন্ত সময় পাবেন আদালত৷ তবে তার আগে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে৷ অর্থাৎ, নির্বাচনের আগে এই মামলার রায় হচ্ছে না৷ ট্রাম্পের বিরুদ্ধে আনা চারটি ফৌজদারি মামলার একটি ছিল এটি৷
এর আগে ৩০ মে নিউ ইয়র্কের এক আদালত আমেরিকার প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে ফৌজদারি আরেক মামলায় দোষী সাব্যস্ত করেন৷ ১১ জুলাই সাজা ঘোষণা করা হবে৷ ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় তাকে৷
ব্যবসার নথিপত্র গোপন করে স্টর্মি ড্যানিয়েলস নামের এক পর্ন তারকার মুখ বন্ধ করতে ট্রাম্প অন্যায় করেছেন।
এর জন্য জুরির সব সদস্য একযোগে তাকে দোষী হিসেবে গণ্য করেন৷ ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে ট্রাম্প এমন কুকীর্তি করেছিলেন বলে আদালতে অভিযোগ করা হয়েছিল৷
সূত্র : ডয়চে ভেলে