নরসিংদীর শিবপুরে আহমদুল কবির (৩৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
শিবপুর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আহমদুল কবির বাড়ৈগাও গ্রামের মৃত আবদুস সালামের ছেলে।
ওসি ফরিদ উদ্দিন জানান, রাতে সাড়ে ১২টার পর ওই যুবক বাড়ি থেকে বের হয়েছে। পরিবারের লোকজন সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দিতে পারছে না। কেন কারা এ হত্যা করেছে তা আমরা তদন্ত করছি। লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।