নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা-খালিশাপাড়া ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ছাত্রীর নাম রেখা আক্তার (১৭)। তিনি উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রামের মহরম আলীর মেয়ে ও কেরনখলা মহিলা মাদ্রাসার ছাত্রী।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মাদ্রাসা ছাত্রীসহ ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি ডিঙি নৌকা কেরনখলা ফেরিঘাট থেকে খালিশাপাড়া ঘাটে যাচ্ছিল। নৌকাটি কেরনখলা ঘাট থেকে রওনা করলে কিছুটা সামনে যেতেই ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা সাঁতার কেটে এবং স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তীরে উঠতে পারলেও মাদ্রাসাছাত্রী রেখা নিখোঁজ হয়।
নৌকা ডুবে যাওয়ার ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া যাত্রী সোহেল রানা বলেন, নৌকায় অতিরিক্ত যাত্রী ও নিচ দিয়ে ভাঙা থাকার কারণেই সেটি ডুবে যায়।