গাইবান্ধার পলাশবাড়িতে দুদু মিয়া (৬০) নামে এক নৈশ প্রহরীকে শ্বাসরোধে হত্যা করে গ্যারেজ থেকে পাঁচটি অটোরিকশা নিয়ে গেছে চোর চক্র। ঘটনার সঙ্গে পূর্ব শত্রুতার জেরও থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) দিবাগত গভীর রাতে পলাশবাড়ি পৌর শহরের সুঁইগ্রামের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। গত কয়েকদিন আগেও ওই গ্যারেজে চুরির ঘটনা ঘটেছে। নিহত দুদু মিয়া একই গ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি কয়েক বছর থেকে নুরে আলম জিল্লু মিয়া নামে এক ব্যাক্তির গ্যারেজে নাইটগার্ড (নৈশ প্রহরী) হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা। তিনি জানান, গতকাল রাতে সুঁই গ্রামের একটি গ্যারেজের নৈশ প্রহরীকে হত্যা করে পাঁচটি অটোরিকশা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহতের মুখে কাপড় গোজানো ছিল, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, এর আগে ২০১৬ সালে ওই গ্যারেজ থেকে একটি অটোরিকশা চুরি হয়। এরপর একাধিকবার একই গ্যারেজ থেকে অটোর চার্জার, ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশও চুরি হয়েছে। ঘটনাটি পূর্ব শত্রুতার জেরেও হয়ে থাকতে পারে।
সহকারি পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।