পটুয়াখালীর বাউফলে ৪ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে। দৈনিক যুগান্তরের বাউফল প্রতিবেদক আরিফুজ্জামান রিয়াদ বাদী হয়ে বুধবার (৩ জুলাই) বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলা দায়ের করেন।
মামলায় দৈনিক কালবেলার প্রতিনিধি জি এম মশিউর রহমান মিলন, বাউফল প্রতিদিন ডটকম অনলাইন পোর্টালের সম্পাদক মো. এনামুল হক এনা, সময় টেলিভিশনের পটুয়াখালীর স্টাফ রিপোর্টার মো. মনির হোসেন ও দৈনিক ভোরের আকাশের বাউফল প্রতিনিধি মো. ফিরোজকে আসামী করা হয়েছে। আদালত বাউফল থানার ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, অন্যের বউ ভাগিয়ে নেয়ার অভিযোগে যুগান্তরের বাউফল প্রতিবেদক আরিফুজ্জামান রিয়াদের বিরুদ্ধে কয়েকটি প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়া ও অনলাইনপোর্টালে সংবাদ প্রকাশ হয়।
এ ব্যাপারে সাংবাদিক আরিফুজ্জামান রিয়াদ বলেন, আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ সংবাদ করায় আমি এ মামলা করেছি।
এদিকে স্থানীয় ওই ৪ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করায় বাউফলে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, যুগান্তর প্রতিবেদক আরিফুজ্জামান খানের বিরুদ্ধে পটুয়াখালী আদালতে মাইনুল ইসলাম নামের এক ব্যক্তির দায়েরকৃত মামলার কপি বুধবার (৩ জুলাই) হাতে পেয়েছি।
সাইবার ট্রাইব্যুনাল আদালতে চার সাংবাদিকের বিরুদ্ধে রিয়াদ খানের মামলার খবর শুনেছি। তবে ওই মামলার কপি আমার হাতে এখনো এসে পৌঁছায়নি। দুটি মামলাই অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করে সংশ্লিষ্ট আদালতে রিপোর্ট দাখিল করা হবে।