বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তবে এখনই পদত্যাগের চিন্তা নেই বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম ইকবাল এ কথা জানান।
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের অ্যাড-হক কমিটি কয়েক দিন আগে দায়িত্ব গ্রহণ করে। এই কমিটির মূল দায়িত্ব হলো আগামী ৯০ দিনের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আয়োজন করা।
সংবাদ সম্মেলনে তামিম জানান, তিনি ব্যক্তিগতভাবে পদত্যাগের বিষয়টি বিবেচনায় নেননি এবং নির্বাচনেও অংশ নেবেন। তার ভাষায়, গঠনতন্ত্র যা অনুমোদন দেবে তিনি সেটিই অনুসরণ করবেন। অ্যাড-হক কমিটি থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তাও তার নেই বলে জানান তিনি। শুরু থেকেই নির্বাচনে অংশ নেয়ার অবস্থান স্পষ্ট ছিল বলেও উল্লেখ করেন তামিম।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে যে আলোচনা হয়েছে, সেই প্রত্যাশা তিনি পূরণ করতে চান এবং তাদের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন। আগামী রোববার (৩ মে) বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তামিম। সেই সভায় পরবর্তী নির্বাচনের তারিখসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেটের কাঠামোগত উন্নয়ন নিয়েও কথা বলেন তামিম ইকবাল। তিনি বলেন, দেশের ক্রিকেট কাঠামো এখন মূলত একটি নির্দিষ্ট গোষ্ঠীর খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে, যেখানে জাতীয় দলের খেলোয়াড়রা ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। কিন্তু দ্বিতীয় বা তৃতীয় স্তর থেকে জাতীয় দলে উঠে আসার সুযোগ খুবই সীমিত।
এই পরিস্থিতি বদলাতে নতুন একটি কাঠামো চালুর পরিকল্পনার কথা জানান তিনি। তামিম বলেন, ‘সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুম থেকেই নতুন একটি সিস্টেম চালু করার পরিকল্পনা রয়েছে, যেখানে ‘সেকেন্ড ইলেভেন’ নামে একটি আলাদা প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট থাকবে।’