পাবনার আটঘরিয়ায় দোকান বাকির ১০ হাজার টাকা দিতে না পারায় পাবনার আটঘরিয়ায় নাফিজ কামাল (২৭) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত আটটার পরপর এ ঘটনা ঘটে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নাফিজ কামাল আটঘরিয়া পৌরসভার রুস্তমপুর মহল্লার নাজমুল হুদার ছেলে
ঘটনা সূত্রে জানা গেছে, মুদি দোকানি জাহিদুল ইসলামের দোকানে বাকিতে নিত্য প্রয়োজনীয় মালামাল নিতেন অপর ব্যবসায়ী নাফিজ কামাল। নাফিজ কামালের প্রায় ১০ হাজার টাকা বকেয়া পড়ে যায় জাহিদুল ইসলামের দোকানে। এ নিয়ে নাফিজ কামাল এর কাছে বেশ কয়েকবার দোকান বাকির টাকা চেয়েছিলেন জাহিদুল ইসলাম। কিন্তু তিনি টাকা দেননি।
সোমবার রাতে জাহিদুল এর দোকানের সামনে গেলে নাফিজ কামালের সাথে বাকী টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। তারপর ঘটনা চরম পর্যায়ে গেলে নাফিজ কামালকে বেধড়ক মারপিট শুরু করে। মারধরের মাঝে নাফিজ কামালকে উপর্যুপুরি ছুরিকাঘাত করা হয়। তাঁর চিৎকারের স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত নাফিজ কামালকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে