ভারতের উত্তর প্রদেশের লখনৌ শহরের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লখনৌয়ের একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত ওই ভবনটিতে আকস্মিক আগুন লাগার পর তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা অনেক শিক্ষার্থী ও কর্মচারী আটকা পড়েন। প্রাণ বাঁচাতে কয়েকজনকে ভবনের প্রথম তলা থেকে নিচে লাফ দিতে দেখা যায়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও আগুন থেকে বাঁচতে গিয়ে একজনকে নিচে পড়ে যেতে দেখা গেছে। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। জানা গেছে, ভবনটিতে কোচিং সেন্টারের পাশাপাশি একটি পোষা প্রাণীর দোকান এবং আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল।
খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে অন্তত ১৪ জনের মরদেহ উদ্ধার করেন।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
এদিকে এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার সব ধরনের আশ্বাস দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি