হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এর জেরে রোববার সেনাবাহিনী, পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে। রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার জনতার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলার দক্ষিণ গজনাইপুর গ্রামে এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর এই হামলার ঘটনা ঘটে।
এ সময় মসজিদের মাইকে ‘ডাকাত এসেছে’ বলে ঘোষণা দিলে গ্রামবাসী উত্তেজিত হয়ে পড়েন। এরপর দুই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান এবং নজর উদ্দিন নামে এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনার পরপরই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজন এজাহার নামীয় আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’