ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে পাঁচটি মূল শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অন্যতম প্রধান শর্ত হলো ইরানকে কেবল একটিমাত্র পারমাণবিক স্থাপনা চালু রাখার অনুমতি দেওয়া হবে। রোববার (১৭ মে) প্রকাশিত আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।শর্তগুলোর মধ্যে কোনো ধরনের যুদ্ধক্ষতি বা দণ্ড দিতে স্পষ্ট অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন।এছাড়া যুক্তরাষ্ট্রের কাছে ৪০০ কিলোগ্রাম ইরানি ইউরেনিয়াম হস্তান্তর এবং ইরানের জব্দকৃত সম্পদের ২৫ শতাংশও মুক্ত না করার দাবি জানানো হয়েছে।
সব রণাঙ্গনে স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি চলমান আলোচনার চূড়ান্ত ফলাফলের ওপর পুরোপুরি নির্ভরশীল রাখা হয়েছে। ইরানের পক্ষ থেকেও পাল্টা কিছু শর্ত দেওয়া হয়েছে যার মধ্যে লেবাননসহ সব রণাঙ্গনে যুদ্ধাবসান, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হরমুজ প্রণালির ওপর সার্বভৌমত্বের স্বীকৃতি অন্যতম। তারা যুদ্ধের ক্ষয়ক্ষতিের জন্য ক্ষতিপূরণ এবং জব্দকৃত সব সম্পদ পুরোপুরি মুক্ত করার দাবি জানিয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা তীব্র রূপ নেয়। জবাবে তেহরানও ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং কৌশলগত হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারেনি। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।