হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮ দুবাই থেকে আসার পথে স্থানীয় সময় রাত ৩টা ৫০ মিনিটে একটি বাহনের সঙ্গে ধাক্কা খেয়ে সাগরে পড়ে। দুর্ঘটনায় বিমানবন্দরের দুই গ্রাউন্ড স্টাফ নিহত হন। একজনের বয়স ৩০, আরেকজনের ৪১ বছর।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক স্টিভেন ইয়ু সিউ-চাং জানিয়েছেন, দুর্ঘটনার সময় আবহাওয়া উড়োজাহাজ পরিচালনার জন্য উপযুক্ত ছিল। বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি নিরাপত্তা টহল গাড়ির সঙ্গে সংঘর্ষের পর সাগরে পড়ে।বিমানে থাকা চারজন ক্রু নিজেই দরজা ভেঙে বের হন এবং উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, মোট ২১৩ জন কর্মী, ৪৫টি যানবাহন ও নৌযান ব্যবহার করে উদ্ধার অভিযান চালায়। হংকং এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার (ব্ল্যাক বক্স) উদ্ধার করে দুর্ঘটনার কারণ নির্ধারণের চেষ্টা করছে।
বিমানের ধরন ছিল বোয়িং ৭৪৭-৪৮১, যা আগে যাত্রীবাহী, পরে মালবাহী হিসেবে ব্যবহার হয়। উড়োজাহাজটি ১৯৯৩ সালে প্রথম উড়েছিল এবং বিভিন্ন এয়ারলাইনের অধীনে পরিচালিত হয়েছে। ফ্লাইটটি এমিরেটস স্কাইকার্গো ফ্লাইট ৯৭৮৮ হিসেবে চলছিল এবং কোনো কার্গো বহন করছিল না।