অনলাইন ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭৫ জন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এসব শিশুদের অধিকাংশের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে। তাদের অপহরণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। নিখোঁজ শিশুদের সন্ধানে একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করেছে কর্তৃপক্ষ।
দেশটির কাদুনা রাজ্যের স্থানীয় সরকারি কর্মকর্তারার বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মার্চ) কুরিগা স্কুল থেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে ঠিক কতজন শিশু অপহরণ হয়েছে, তার কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।
শুক্রবার রাজধানী আবুজা থেকে আল-জাজিরার ফিদেলিস এমবাহ জানান, স্কুল কর্তৃপক্ষ রাজ্যের গভর্নরকে জানিয়েছে, অপহৃত শিক্ষার্থীদের মধ্যে ২৫ জনকে তাদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ২৭৫ জন এখনও নিখোঁজ রয়েছে। শিশুদের উদ্ধারের জন্য একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছিল। নিখোঁজদের মধ্যে ১৭৫ জনের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় মুক্তিপণের জন্য অপহরণ একটি সাধারণ ঘটনা। সেখানে ভারী সশস্ত্র অপরাধী দলগুলো অতীতে স্কুল ও কলেজগুলোকে লক্ষ্যবস্তু করেছে। বিশেষত উত্তর-পশ্চিমাঞ্চলে। যদিও এই ধরনের আক্রমণ সম্প্রতি অনেকটাই কমে এসেছে।
কুরিগার স্থানীয় কাউন্সিলর ইদ্রিস মায়ালুরা জানান, বন্দুকধারীরা প্রথমে প্রাথমিক বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীকে ধরে নিয়ে গেলেও পরে তাদের ছেড়ে দেয় এবং অন্যরা পালিয়ে যায়।
অভিভাবক ও বাসিন্দারা অপহরণের জন্য এলাকায় নিরাপত্তার অভাবকে দায়ী করেছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষকে। তারা বলেছে, স্কুলগুলো হওয়া উচিত নিরাপদ স্থান। কোনো শিশুকে তাদের শিক্ষা ও জীবনের মধ্যে একটিকে বেছে নিতে যেন না হয়। স্কুলগুলোতে হামলা ঠেকাতে, শিশুদের জীবন ও তাদের শিক্ষার অধিকার রক্ষায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় মানবাধিকার সংগঠনটি।