আন্তর্জাতিক: মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রী সুখবাতার বাটবোল্ড দুর্নীতির টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে দু’টি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ করেছে মার্কিন কর্তৃপক্ষ।
তদন্তকারীরা এখন নিউইয়র্কের ম্যানহাটনের মিডটাউনে অবস্থিত সেই বিশাল সম্পত্তি জব্দ করতে চাইছেন, যার বাজারমূল্য প্রায় এক কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
অভিযুক্ত সুখবাতার বাটবোল্ড ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তার পরিবার-নিয়ন্ত্রিত ফার্ম বড় এক খনির চুক্তি পাওয়ার পর তিনি ফ্ল্যাট দু’টি কিনেছিলেন।
খনি মঙ্গোলিয়ার মূল শিল্প। তবে নিজের বিরুদ্ধে আনা এই অভিযোগ বাটবোল্ড অস্বীকার করেছেন। ৬০ বছর বয়সী এই রাজনীতিবিদ এখনও মঙ্গোলিয়ার সংসদে রয়েছেন।
রয়টার্সে প্রকাশিত তার আইনজীবী অরিন স্নাইডারের এক বিবৃতি অনুযায়ী, ‘বাটবোল্ড আদালতে তার সেই দিনের অপেক্ষায় আছেন, যখন তিনি এই ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।’