ভারতের সংসদ ভবনের দুটি কক্ষ, রাজ্যসভা এবং লোকসভা। ভারতের লোকসভায় আসনসংখ্যা ৫৪৫টি হলেও নেই ৪২০ নম্বর আসনটি। এর পেছনে রয়েছে একটি অদ্ভুত কারণ।
ভারতীয় দণ্ডবিধিতে কোনো প্রতারণা বা জালিয়াতি করলে ৪২০ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
তাই দেশটিতে এই সংখ্যাটি প্রতারণা বা জালিয়াতির প্রতীক বলে মনে করা হয়। আবার এই সংখ্যা কারো উদ্দেশে কটাক্ষ করেও ব্যবহার করে অনেকে। এখানেই বেধেছে বিপত্তি। লোকসভার সদস্যদের আপত্তির মুখেই ওই আসন নম্বরটি বাতিল করা হয়েছিল।
তবে আসনটি বাতিলের প্রসঙ্গ উঠলেই আসামের ধুবড়ি লোকসভার সদস্য মাওলানা বদরুদ্দিন আজমলের নাম প্রথমেই চলে আসে। ১৫তম লোকসভায় সংসদে আসন বণ্টনের সময় আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এইউডিএফ) প্রধান বদরুদ্দিন আজমলকে ৪২০-এর পরিবর্তে ৪১৯ নম্বর আসন দেওয়া হয়। তিনিই দেশটির প্রথম সংসদ সদস্য, যাকে ৪১৯ নম্বরে আসন দেওয়া হয়েছিল।
লোকসভার ৪২০ নম্বর আসনটি বরাদ্দ দেওয়ার পর বদরুদ্দিন আজমল লোকসভা সেক্রেটারিয়েটের কাছে নম্বরটি নিয়ে আপত্তি জানান।
তার পর থেকে সেই সংখ্যার আসনটি বাতিল করা হয়। ১৪তম লোকসভা থেকে এই সংখ্যাকে নিষিদ্ধ করা হয়েছিল। আজমলই প্রথম লোকসভা সদস্য নন, তার আগেও অনেকে ৪২০ নম্বরটি নিয়ে আপত্তি জানিয়েছিলেন।