চট্টগ্রামের পটিয়ায় তিনদিন ধরে মুহাম্মদ আসাদুজ্জামান আসিফ (২০) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে গতকাল বুধবার (১২ জুন) পটিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন নিখোঁজ শিক্ষার্থীর বোন মোছা. রাহেনা আকতার।
জানা যায়, নিখোঁজ মুহাম্মদ আসাদুজ্জামান আসিফ পটিয়ার আল-জামিয়া আল-ইসলামিয়া মাদরাসার শর্ট কোর্সের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি পঞ্চগড় জেলা সদর উপজেলার খারুয়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে।
জিডিতে বলা হয়, মো. আসাদুজ্জামান আসিফ (২০) পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদরাসায় শর্ট কোর্স চতুর্থ বর্ষে পড়াশোনা করেন। তিনি মাদরাসার হোস্টেলে থেকে অধ্যয়ন করছিলেন। গত ১১ জুন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় আসিফ মাদারাসা থেকে কাউকে কিছু না বলে বের হন। এরপর এখন পর্যন্ত আর মাদারাসায় ফিরে যাননি এবং বাড়িতেও আসেননি।
তাকে মাদরাসায় না পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ওই বিষয়ে পরিবারের সদস্যদের মোবাইল মাধ্যমে জানান। পরবর্তিতে তাঁকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বারে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বলেন, আসিফ নামে এক মাদরাসা শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার বিষয়ে তার বড় বোন থানায় জিডি করেছেন।
আমরা বিষয়টি গুরত্বসহ তদন্ত করছি। তবে এখনো নিখোঁজ ছেলেটির হদিস পাওয়া যায়নি।