গাইবান্ধার সদর উপজেলার তুলসীঘাটে ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাসের ধাক্কায় নাফিজ শাহারিয়ার আকাশ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিজ গাইবান্ধা পৌরসভা ব্রিজ রোডের শামসুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহনের একটি বাস ২৮ জন যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। দ্রুতগতিতে আসা বাসটি তুলসীঘাটের হেলিপ্যাডের সামনে পৌঁছলে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নাফিজ শাহারিয়ার মারা যান এবং বাসের ভেতর থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা এসে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।
বাসের যাত্রীরা অভিযোগ করে বলেন, শুরু থেকে বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। বার বার যাত্রীরা নিষেধ করলেও তাতে কর্ণপাত করেননি চালক।
চালকের বেপরোয়া গতির কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে।
সদর থানার ওসি মো. মাসুদ রানা বলেন, বাসের চাপায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত ও ১৫ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।