সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় রাতভর চট্টগ্রামে অবস্থানের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে চবির কোটা আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বিষয়টি জানান।
এর আগে বিকাল ৪টার দিকে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করতে সড়ক ও রেলপথ অবরোধ করতে গেলে পুলিশি বাধার শিকার হন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করেই নগরের মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে নড়বে না বলে হুশিয়ারি দিয়ে চবির কোটা আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে পুলিশ। কুমিল্লাতে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছে। আমার ভাইয়েরা আহত হয়েছে। আমরা পণ করেছি আমরণ এ আন্দোলন চালিয়ে যাবো। আমরা সারারাত থাকবো। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আমরা রাজপথ ছাড়বো না।