ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটে।
একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, তিনি সমাবেশে বাইরে ছিলেন এবং সাবেক প্রেসিডেন্ট কী বলছিলেন সেটিই কেবল শুনতে পারছিলেন। তখনি ছাদে থাকা এক ব্যক্তি তার নজরে আসে।
তবে বিবিসি প্রত্যক্ষদর্শীর এই বর্ণনা পুরোপুরি যাচাই করে দেখতে পারেনি।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। তখনই হামলার শিকার হন তিনি। হামলার সময় সমাবেশে প্রথম সারির আসনে থাকা রিপাবলিকান সিনেটের প্রার্থী ডেভ ম্যাককরমি জানিয়েছেন, তিনি ট্রাম্পের ওপর হামলার ঘটনা দেখেছেন। তার পেছনে একজন গুরুতর আহত হয়েছেন বলে মনে হচ্ছে।
এদিকে নির্বাচনী সমাবেশে হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুলিতে তার ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে বলে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানিয়েছেন তিনি।