অনলাইন ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাইক্রোবাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা সাতজনে দাঁড়ালো । বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের সালুটিকর সুন্দ্রগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে।; তারা হলেন: মো. ইদ্রিস আলী (৪০), কাজী আমির উদ্দিন (৫০), মো. কালন মিয়া। তাদের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলায় ও মাইক্রোবাসচালক তাহের ঢাকার রায়ের বাজারের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পর্যটকবাহী একটি মাইক্রোবাসে আট যাত্রী ঢাকার মানিকগঞ্জ থেকে ভোলাগঞ্জের সাদাপাথরে বেড়াতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট-ভোলাগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মহাসড়কের সালুটিকর সুন্দ্রাগাঁও এলাকায় একটি অটোরিকশার সঙ্গে ওই মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার পাঁচযাত্রী নিহত হন। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাইক্রোবাসচালক ও চিকিৎসাধীন থেকে আরও একজনের মৃত্যু হয়।
সিলেট গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, ঘটনাস্থলে পাঁচযাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে মাইক্রোবাসচালকও চিকিৎসাধীন থেকে আরও এক যাত্রী মারা যান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।