সাতক্ষীরার কালীগঞ্জে আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারীকে দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। বুধবার (১৭ জুলাই) রাতে উপজেলা সদরের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধ জাহানারা খাতুন (৪৫) উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের আদম জোয়াদ্দারের স্ত্রী। তিনি ওই এলাকার একটি বেসরকারি নারী সংগঠনে রাঁধুনির কাজ করেন। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন জাহানারা খাতুন জানান, তাঁদের পাশের গ্রাম পানিয়ার বাসিন্দা মধু ব্যবসায়ী আবদুল হামিদ (৫৩) দীর্ঘদিন ধরে তাঁকে উত্ত্যক্ত করেন। যাতায়াতের পথে ও মোবাইলফোনে তাঁকে আপত্তিকর প্রস্তাব ও ভয়ভীতি দেখাতেন।
গতকাল রাতে তিনি কর্মস্থল থেকে বাড়ি যাওয়ার জন্য বের হচ্ছিলেন। ওই সময় আবদুল হামিদ ফোনে তাঁকে অফিসের সামনের কালীগঞ্জ-সাতক্ষীরা সড়কের পাশে আসতে বলেন। তিনি সেখানে যান এবং আবদুল হামিদ ও একই গ্রামের সাগর (৩২) নামের দুজনকে দেখতে পান। তাঁরা তাঁকে অনৈতিক প্রস্তাব দেন। রাজি না হওয়ায় আবদুল হামিদ তাঁকে অ্যাসিড ছুড়ে মারেন। তিনি চিৎকার দিলে অফিসের অন্য কর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন।
জাহানারা খাতুনকে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।