স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ায় আবর্জনাভর্তি বেলুন পাঠায় উত্তর কোরিয়া। এ নিয়ে এক বিবৃতিতে সিউল জানিয়েছে, বুধবার থেকে চার শতাধিক বেলুন পাঠিয়েছে পিয়ংইয়ং। এর মধ্যে ২০টি পাওয়া গেছে সিউলের উত্তরাঞ্চলে।
ভেতরে ক্ষতিকর কোনো বস্তু না থাকলেও, ছিল কাগজ, সিগারেটের খোসা, খালি বোতল, প্লাস্টিকসহ নানা বর্জ্য। এমন কাণ্ডের পর বাসিন্দাদের সতর্ক থাকারও নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
চলতি বছর মে মাসে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার ৯টি প্রদেশের মধ্যে ৮টিতে পাওয়া যায় উত্তর কোরিয়ার পাঠানো বেলুনসহ ব্যাগ। লিফলেট আর আবর্জনাভর্তি করে অন্তত ২৬০টি গ্যাস বেলুন পাঠায় পিয়ংইয়ং।
এর কয়েকদিন আগে উত্তর কোরিয়া অভিযোগ করে, দক্ষিণ কোরিয়ার আন্দোলন কর্মীরা সীমান্ত এলাকায় ঘন ঘন লিফলেট এবং অন্যান্য আবর্জনা ছড়িয়ে দিচ্ছে। তখন এর বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে পূর্বাভাস দিয়েছিল পিয়ংইয়ং।
এরপর চলতি বছর বেশ কয়েকবার সিউলের মাটিতে দেখা মেলে পিয়ংইয়ংয়ের পাঠানো বেলুনের।