ছুটির দিনও সড়কে মৃত্যুর মিছিল। এদিন দেশের পাচঁ জেলায় ১১ জনের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (৩১ জানুয়ারি) রংপুরে ৫ জন, কুষ্টিয়ায় ২জন, ময়মনসিংহে ২জন, বগুড়ায় এবং টাঙ্গাইলে ১জন করে নিহত হয়েছেন।রংপুর: ঢাকা-রংপুর মহাসড়কের চায়নার মোড় এলাকায় সকালে ৯টার দিকে ঢাকা-কুড়িগ্রামগামী পাভেল এক্সপ্রেস একটি মাহিন্দ্রাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও দুই যাত্রী। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া রংপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ২ জন।
কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তারা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ: মাসকান্দা থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন দুই বন্ধু আবির ও মেহেদি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জিগাতলা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
বগুড়া: ঘন কুয়াশায় বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন। শুক্রবার সকালে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া, টাঙ্গাইলে সড়ক দুঘর্টনায় একজন নিহত হয়েছেন।